ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, পথচারী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রেখে হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসন করা হচ্ছে। শনিবার (২ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ৬৭ কোটি টাকা।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার উন্নয়ন কাজকে অগ্রাধিকার দিচ্ছে এবং সিটি করপোরেশনের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। স্থানীয় নাগরিক সমস্যার সমাধান ও চলমান প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও তিনি জানান।
ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আগে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করায় জনভোগান্তি তৈরি হতো। এখন নির্ধারিত স্থানে ও নির্দিষ্ট সময়ে সীমিত সংখ্যক হকার বসার সুযোগ পাবে। এতে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রেখে তাদের পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সিটি করপোরেশন কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নয়ন কার্যক্রমে নতুন সংযুক্ত এলাকাকে অগ্রাধিকার দেয়ায় প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।










