বগুড়ার শিবগঞ্জ উপজেলার নুরুল ইসলাম (৫২) নামে এক নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার বগুড়া-পিরব সড়কের পাশে কামতারা-ত্রিমোহনী নামক স্থান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস ভোলাপাড়া গ্রামের আসাদ সরদারের ছেলে। তিনি নামুজা বন্দরে নৈশপ্রহরীর কাজ করতেন।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদশর্ন করা হয়েছে। তাত্ক্ষণিক হত্যার কারণ জানা যায়নি।
নিহতের স্ত্রী আমিনা বেগম বলেন, কয়েক দিন আগে নামুজা বন্দরে একটি দোকানে চুরি হয়। এ চুরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমার স্বামীকে নানাভাবে হুমকি-ধামকি দিয়েছেন।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাত ৩টায় নুরুল তার সহকর্মীদের অসুস্থতার কথা বলে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর ভোরে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










