প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী ও বহুমাত্রিক করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কৌশলগত অবস্থানের প্রশংসা করেন। তিনি উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার সম্ভাবনাও আলোচনায় ওঠে আসে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরো জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন।