গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৬৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৫১১ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোয় ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯১ জন ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছে ৬৬ জন।
বিভাগগুলোর মধ্যে এ সময় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনায়, ১৪০ জন। এছাড়া চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ২৭, রংপুরে পাঁচ ও সিলেটে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৭ হাজার ৮৪৩ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডিএসসিসি এলাকায়, ২০ জনের। এরপর খুলনা বিভাগে ১০, ডিএনসিসি এলাকায় সাত, বরিশালে সাত, ময়মনসিংহে ছয় ও চট্টগ্রামে পাঁচজন মারা গেছে। এছাড়া রাজশাহীতে তিনজন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে, রংপুর ও সিলেটে একজন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে ৪০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় ১ লাখ ২ হাজার জন।










