বরিশালের মাধবপাশার দুর্গাসাগর দীঘিতে হূদয় নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে দীঘির মাঝখানের দ্বীপে যাওয়ার সময় তিনি ডুবে যান। হূদয় বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. অলি বলেন, হূদয় আরো দুই তরুণ-তরুণীর সঙ্গে ঘুরতে এসেছিলেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাঁতরে দীঘির মাঝে থাকা দ্বীপে পৌঁছানোর জন্য ওই দুই তরুণ-তরুণীর সঙ্গে ২০০ টাকার বাজি ধরেন। কিন্তু দক্ষিণ পাড় থেকে সাঁতার শুরুর কিছুক্ষণ পরই তাকে আর দেখা যাচ্ছিল না। এ অবস্থায় তীরে থাকা তার দুই সঙ্গী এসে বিষয়টি মো. অলিকে জানান। এরপর দুর্গাসাগরের দায়িত্বরতরা নৌকা নিয়ে খুঁজেও হূদয়ের সন্ধান পাননি।