পবিত্র ঈদকে সামনে রেখে সামাজিক সংগঠন অলইয়ুথসোসাইটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে একেবারেই ব্যতিক্রমী ও অনাড়ম্বর পরিবেশে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর বাড়িতে সরাসরি ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। এতে যেমন উপকারভোগীদের ভোগান্তি কমেছে, তেমনি সৃষ্টি হয়েছে এক আন্তরিক ও মানবিক বন্ধনের।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশ ও বিদেশে অবস্থানরত দাতাদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাদের সম্মিলিত সহায়তায় শতাধিক শিক্ষার্থীর মুখে ঈদের হাসি ফোটানো গেছে, যা সংগঠনের জন্য এক বড় অর্জন।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন অল ইয়ুথ সোসাইটি পরিবারের কেন্দ্রীয় সমন্বয়ক ফরহাদ পাটোয়ারী, আরমান আহমেদ বোরহান, রিমন খান, তারেক খান, মাজারুর রহমান, ইউনুস, আশিকুর রহমান জয় ও জোবায়েদ হোসেন নিশান। আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়ক অ্যাড. নাজিমউদ্দীন তারেক, আক্তার হোসেন, নাজিম হোসেন, পিয়াস, জামাল হোসেন বাবুসহ অন্যান্য নেতার।
সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।










