বান্দরবানের থানচি উপজেলাধীন সাংগু সংরক্ষিত বন থেকে কেটে মজুদ রাখা এক হাজার ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ করেছে বন বিভাগ। উপজেলার রেমাক্রি ইউনিয়নের এক ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা জব্দকৃত এসব কাঠের মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ। গত বৃহস্পতিবার ইউনিয়নের সিংগাপা মৌজা এলাকা থেকে অবৈধ গর্জন কাঠগুলো জব্দ করা হয়।

বান্দরবান বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার গতকাল বণিক বার্তাকে জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পাঁচজনের একটি দল রেমাক্রি ইউনিয়নের সাংগু সংরক্ষিত বনে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সহায়তায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সিংগাপা মৌজার হেডম্যান ও রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা গতকাল বিকালে বণিক বার্তাকে বলেন, বন বিভাগ সিংগাপা মৌজা থেকে অবৈধ কাঠ জব্দ করেছে বলে শুনেছি।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা গতকাল বিকালে বণিক বার্তাকে বলেন, আইন অনুযায়ী জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।