এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এতে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে আসে।
এতে দেখা যায়, এ বছর পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের গড় পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। সেই হিসাবে পাসের হারে ছাত্রীরা ৮ শতাংশ এগিয়ে। আর মোট জিপিএ-৫ প্রাপ্ত ৬৯ হাজার ৯৭ জনের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আর সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া রাজশাহীতে ৫৯ শতাংশ ৪০, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশালে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেটে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।










