রাঙ্গামাটির কাপ্তাইয়ে একটি বুনো নারী হাতির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া কাঁঠালতলী এলাকায় বুনো হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। হাতিটির বয়স ৩০ বছরের বেশি হবে বলে ধারণা করছে বন বিভাগ। এদিকে হাতির মৃত্যুর ঘটনায় থানায় জিডি ও ময়নাতদন্ত সম্পন্ন করে মাটিচাপা দিয়েছে বন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার মো. জাহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘সকাল (বৃহস্পতিবার) ৮টার দিকে হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আমরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। হাতিটির বয়স ৩০ বছরের বেশি হবে এবং এটি একটি নারী হাতি। ভেটেরিনারি সার্জনদের দিয়ে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা হাতির গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাইনি। ময়নাতদন্তের সময় আমাদের সঙ্গে রাঙ্গুনিয়া ও ইকোপার্কের ভেটেরিনারি সার্জনরা ছিলেন। আমাদের মনে হয়েছে এটি স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু হতে পারে।










