বগুড়ায় বিসিক শিল্পনগরীর মাসুদ মেটালের দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে ওই কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রামাণিকের ছেলে সামছুল হক (৬০)।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
মাসুদ মেটালের স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিনই হান্নানের মুঠোফোন নম্বর থেকে তার কাছে ৫ লাখ টাকা চেয়ে ক্ষুদে বার্তা পাঠানো হয়।










