বগুড়ার সারিয়াকান্দিতে জব্দ করার পর সিলগালা করে রাখা গুদাম থেকে ১ হাজার ১২৪ বস্তা চাল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত নুরু প্রামাণিকের ছেলে বেলাল হোসেন (৩৫), আন্দরবাড়ী গ্রামের তোফা ফকিরের ছেলে রুসাত ফকির (২৮) ও সোনা মিয়ার ছেলে রায়হান কবির (২৭)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে যুবলীগ নেতা শাহীন আলমের গুদামে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। অভিযান শেষে ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করে গুদামটি সিলগালা করা হয়। পরে ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ও কৃষি বিপণন লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য গত ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এর পরিপ্রেক্ষিতে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গুদামে উপস্থিত হয়ে সিলগালা খোলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সিলগালা খুলে গুদাম পরিদর্শনকালে মাত্র ছয় বস্তা চাল দেখতে পারেন কর্মকর্তারা। উধাও হওয়া ১ হাজার ১২৪ বস্তার চালের ওজন ছিল ৩৩ হাজার ৭২০ কেজি।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।