চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। সেখানে বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে। তার দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
আজিজুল হকের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, স্ট্রোকে আজিজুল হকের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এটিকে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, লোহাগাড়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।










