বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নামঞ্জুরের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থীদের একাধিক হামলার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটলো। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি-ভাংচুর এবং দেবদেবী ও মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক নজির নথিভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়, এসব ঘটনার অপরাধীরা এখনো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে আমলে নিয়েছি।

বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।