ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বিকালে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে তিনি সেখানে যোগদান করেছিলেন। প্রাথমিকভাবে এ তথ্যই জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি হত্যাকাণ্ড কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি। নিহত নারী তার এক বান্ধবীর এনআইডি কার্ড দিয়ে মোবাইলের একটি সিম তুলেছিলেন। এ বিষয়সহ বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু তখন তার পরিচয় জানা সম্ভব হয়নি।