নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন করতে ঢাকার ইএমকে সেন্টারে বিশেষ আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রাপ্রেনরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনরস (এডব্লিউই) বিজনেস পিচ প্রতিযোগিতার ছয় বিজয়ী নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার ইএমকে সেন্টারের কেনেডি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে মেগান বোল্ডিন বলেন, এই নারী উদ্যোক্তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার প্রতীক। তাদের উদ্ভাবন ও উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

এডব্লিউই প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে এই ছয় বিজয়ী উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। তারা দেশের বিভিন্ন অঞ্চল যেমন— সিলেট, কুমিল্লা, বরিশাল, খাগড়াছড়ি, যশোর, চট্টগ্রাম ও ঢাকার প্রতিনিধিত্ব করেছেন। বিজয়ীরা সৃজনশীল ও প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃতি পেয়েছেন।
২০২২ সালে বাংলাদেশে চালু হওয়া প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত ১৪০ জনেরও বেশি নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইডির সহযোগিতায় এই প্রোগ্রামটি নারীদের মার্কেটিং, অর্থায়ন ও কৌশলগত পরিকল্পনায় দক্ষ করে তুলেছে। বিশেষত, প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারী উদ্যোক্তাদের সহায়তায় জোর দিয়েছে এডব্লিউই।
মেগান বোল্ডিন বলেন, নারীদের ব্যবসায়িক সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সম্পদ এবং নেটওয়ার্ক প্রদান করে এডব্লিউই প্রোগ্রাম জীবনের পরিবর্তন আনছে। নারীরা উন্নতি করলে পুরো সমাজ ও অর্থনীতি উপকৃত হয়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সহযোগিতা বাংলাদেশের প্রান্তিক নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং ছোট ও মাঝারি শিল্প খাতের বিকাশে অবদান রাখছে। যুক্তরাষ্ট্র সরকারের এই উদ্যোগ জাতীয় জেন্ডার সমতা ও ন্যায্যতার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখছে।










