ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশীকে আহত হয়েছেন। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) এবং পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মুখ, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।