নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করে সংবর্ধিত হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোনালিসা আক্তার। গ্রামের মেয়ে হয়েও নিজের বাল্যবিবাহ নিজেই প্রতিরোধ করায় তার এ সাহসিকতার পুরস্কার হিসেবে সংবর্ধিত করল উপজেলা প্রশাসন।
গতকাল দুপুরে উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে মোনালিসাকে প্রতি মাসে ১ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখ, মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মোনালিসার মা মুক্তা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মফিজুল হক খন্দকারের মেয়ে মেধাবী শিক্ষার্থী মোনালিসা আক্তার মিমের বিয়ে ঠিক করেন তার বাবা-মা। অভাবের সংসারে একটি ভালো পরিবারের ছেলের সন্ধান পাওয়ায় মোনালিসার বিয়ে অনেকটা পাকাপোক্ত করেন তার বাবা-মা।
বিষয়টি জানতে পেয়ে মেধাবী শিক্ষার্থী মোনালিসা নিজেকে উচ্চশিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করে বাবা-মাকে বুঝিয়ে তার বাল্যবিবাহটি ভেঙে দেয়।










