বগুড়ায় কলেজে ভর্তির আশ্বাস দিয়ে ধর্ষণ ও পরে বিচারের নামে ভুক্তভোগী এবং তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়া আলোচিত মামলার আসামি তুফান সরকার জামিনে মুক্ত হয়েছেন। ১০ জানুয়ারি বিকালে তুফান বগুড়া জেলখানা থেকে মুক্ত হন। তুফান সরকার মুক্ত হওয়ার বিষয়টি গোপন রাখা হয়। তবে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার মনির আহম্মেদ।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়া শহরের চকসূত্রাপুরের প্রভাবশালী শ্রমিক লীগ নেতা তুফান সরকার ২০১৭ সালের ১৭ জুলাই একই এলাকার এক ছাত্রীকে ভালো কলেজে ভর্তি করে দেয়ার কথা বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে ২৮ জুলাই তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন মার্জিয়া হাসান রুমকি মীমাংসার নামে শিক্ষার্থী ও তার মাকে অপহরণ করে।

 সেখানে নির্যাতনের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে ছেড়ে দিলে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন। পরদিন ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় দুটি মামলা করেন। দুটি মামলায় তুফান সরকারসহ তার ১০ সহযোগীকে আসামি করা হয়। বগুড়া সদর থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তুফান সরকার, তার স্ত্রী আশা, শাশুড়ি রুমি খাতুন, স্ত্রীর বড় বোন মার্জিয়া হাসান রুমকিসহ ৯ জনকে গ্রেফতার করে।