দুই লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩১৮ টাকা। বোতলের গায়েও সেটি স্পষ্ট হরফে লেখা। কিন্তু বাড়তি দাম নিতে মাঝের ‘১’ সংখ্যাটি মুছে তেল বিক্রি করছিলেন রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকার এক দোকানি। এ ঘটনায় আব্দুর রশিদ নামের ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপশহর নিউমার্কেটে আব্দুর রশিদের মালিকানাধীন রইস উদ্দিন স্টোরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে থেকে এমআরপি মুছে ফেলা পাঁচটি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি বলেন, তেলের মোড়কে এমআরপি লেখা ছিল ৩১৮ টাকা। কিন্তু দোকানি মাঝের ‘১’ লেখা মুছে ফেলেছেন। বাড়তি মূল্যে তেল বিক্রির উদ্দেশ্যে তিনি এ কাজ করেন। অভিযানে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে বুধবার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে নগরীর উপশহর নিউমার্কেট এলাকার মেসার্স এস আলম ট্রেডার্স সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল দুপুরে এ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে শুনানি হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে দোকানটি খোলার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।










