গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা-ফুলবাড়ীয়া সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) । আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কামরুল হাসান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর যাচ্ছিল দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইট ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তবে ঘাতক ট্রাকচালককে আটক করতে পারেনি স্থানীয়রা।