কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচংয়ের কালিকাপুর রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রেলপথ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো তিন যাত্রীর মৃত্যু হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষ করবে।