দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ সংখ্যা ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, মহিলা ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

গতকাল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ সাংবাদিকদের বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমি শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনেও ইউএনডিপি ও অন্যান্য জাতিসংঘ সংস্থা সহযোগিতা করবে, তবে তা কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’