বাংলাদেশের চেয়ে ভারত থেকে বেশি পোশাক কিনছেন মার্কিন ক্রেতারা। ‘২০২৪ ফ্যাশন ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং স্টাডি’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটি করেছেন ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. শেং লু। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএসএফআইএ) এ কাজে তাকে সহযোগিতা করেছে।

যুক্তরাষ্ট্রের ফ্যাশন পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর পোশাক ক্রয়ের দায়িত্বে নিয়োজিত সোর্সিং এক্সিকিউটিভদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরের ভিত্তিতে জরিপ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের পোশাক শিল্প সম্পর্কে তাদের মতামত উঠে এসেছে।

৩০ জুলাই প্রকাশিত এ বছরের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফ্যাশন কোম্পানিগুলো যদিও কোম্পানিগুলো এশিয়া ছেড়ে যাচ্ছে না। তবে চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের বাইরে তাদের পণ্য ক্রয়ের উৎসকে বৈচিত্র্যময় করছে। এ বছর জরিপে প্রথমবারের মতো বাংলাদেশের তুলনায় ভারত থেকে বেশি সোর্সিং করছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৮৬ শতাংশ পোশাক ক্রয়ের উৎস হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছেন। ৮৯ শতাংশ ব্যবহার করছেন ভারতকে। ৬০ শতাংশ জানিয়েছেন আগামী দুই বছর তারা ভারত থেকে পোশাকের সোর্সিং সম্প্রসারণের পরিকল্পনা করেছেন। জরিপে অংশগ্রহণকারীরা ২০২৪ সালে চীন ছাড়া অন্যান্য উৎস যেমন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ক্রয় বাড়াবেন।