বগুড়ার ধুনট উপজেলার বেড়বাড়ি গ্রামে মাদক ও জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আরিফুর ইসলাম হিটলু নামে আট মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। গতকাল সকালে পাশের শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট উত্তরপাড়া গ্রামের বটতলা কবরস্থানের একটি পুরনো কবর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলা ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে জুয়ার আসর চালিয়ে আসছিলেন বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে আরিফুর ইসলাম হিটলু। শনিবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার খালপার সেতুর উত্তর পাশে আবারো জুয়ার আসর বসান হিটলু। এ সময় মাদক ও জুয়ার টাকা নিয়ে সহযোগী আব্দুল মালেকের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হিটলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে নিয়ে যায়। আহত আবদুল মালেক ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর হিটলু ওই স্থান ত্যাগ করে ধুনট উপজেলার বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে যান। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ নিয়ে চলে যায়।