টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ ও পঞ্চগড়ে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: জেলার ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জামালপুরের মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬)।

ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস বাঘিল এলাকায় মধুপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহত হন বেশ কয়েকজন। তাদের ধনবাড়ী ও মধুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ: গফরগাঁওয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসেন (৫০)। ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম।

চট্টগ্রাম: মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা পেছনে চলন্ত লরির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মিরসরাই পৌর সদরের কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা (৫) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছেল।

অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় শুকলাল দাস (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মুন্সিগঞ্জ: গজারিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। গতকাল বেলা পৌনে ১টার দিকে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী (২৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়ায় পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুশি (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আনোয়ার হোসেন (৩২) আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশির স্বামীর বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ এলাকায়। স্বামী আনোয়ার হোসেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।