পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। গতকাল অনুমোদন পাওয়ার মাধ্যমে পারমাণবিক কেন্দ্রটির প্রথম ইউনিট স্থির অবস্থা থেকে সক্রিয় অপারেশনাল পর্যায়ে রূপ নিল। ফলে আগামী ডিসেম্বরের শেষভাগে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।

বায়রার চেয়ারম্যান এম মাহমুদুল হাসান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মইনুল হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসানের কাছে ফিজিক্স টেস্ট শুরুর জন্য প্রয়োজনীয় লাইসেন্স হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে মাহমুদুল হাসান গতকাল গণমাধ্যমকে জানান, জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে আরো দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রটির প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) প্রযুক্তিগত জটিলতার কারণে অনুমোদন বিলম্ব হয়। পরবর্তী সময়ে রাশিয়া থেকে আসা উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল বিভিন্ন কৌশলগত পদক্ষেপে সমস্যার সমাধান করে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ সফলতার ওপর ভিত্তি করেই বায়রা ক্রিটিক্যালিটির অনুমতি দিয়েছে। এর ফলে আগামী ডিসেম্বরের শেষভাগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনার পথ উন্মুক্ত হলো।

‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ অনুমোদনের পর রিঅ্যাক্টরে প্রথমবারের মতো একটি নিয়ন্ত্রিত ও আত্মনির্ভরশীল পারমাণবিক ফিশন শৃঙ্খল বিক্রিয়া শুরু হবে। ফিজিক্যাল স্টার্ট-আপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি প্রবেশ করবে ‘পাওয়ার স্টার্ট-আপ’ ধাপে।

এ ধাপে রিঅ্যাক্টরের তাপীয় ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। প্রাথমিকভাবে ৩ শতাংশ ক্ষমতা দিয়ে শুরু করে ধাপে ধাপে তা ২০-৩০ শতাংশে উন্নীত করা হবে। এ মাত্রায় পৌঁছার পর টারবাইন সিনক্রোনাইজেশনের মাধ্যমে জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। এ প্রক্রিয়ার জন্য অপারেটিং অর্গানাইজেশনকে বায়রার কাছ থেকে আলাদাভাবে ‘ট্রায়াল অপারেশনাল লাইসেন্স’ গ্রহণ করতে হবে।

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্ব দরবারে ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।