আসন্ন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নয় দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অযোগ্য করার বিধান যুক্ত না করার দাবি আবারো জানিয়েছে বিরোধী দল। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও তাদের নির্বাচনে অযোগ্য রাখার দাবি জানিয়েছে দলটি।

গতকাল নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, দুই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ইসি সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, আবদুর রব, সংসদ সদস্য নাজিবুর রহমান ও জামায়াত নেতা ইয়াসিন আরাফাত।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘‌স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানানো হয়েছে।’ তাদের দাবি, এমন প্রস্তাব ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যে ৯ দফা দাবি দেয়া হয়, সেগুলোর অধিকাংশই গত ২৯ জুলাই সিইসির সঙ্গে হওয়া সর্বশেষ বৈঠকে দিয়েছিল দলটি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘‌স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব সরকারের কাছে দিচ্ছে ইসি। বিষয়টিতে তাদের আপত্তি রয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু ইউনিয়ন পরিষদে পারবেন না, এটা হতে পারে না। সরাসরি আইনের, সংবিধানের লঙ্ঘন এবং বৈষম্য করা হচ্ছে। এটা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে।’

পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পদধারী এবং বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রশাসকদেরও অংশগ্রহণের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সম্প্রতি সরকার উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে রাজনৈতিকভাবে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল।