হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ সোমবার (২৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

জারিকৃত পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে।

মক্কা-মদিনায় হোটেলে হাজীদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যেকোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে।

অনুমোদিত এসব কোম্পানির নামের তালিকা Nusuk Masar নামক সৌদি ই-হজ প্লাটফর্মে পাওয়া যাবে।

এ চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এ দেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় থেকে চুক্তিতে বর্ণিত শর্তগুলো ভালোভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলা হয়েছে।