চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সঙ্গে উগ্রবাদ ছড়ানোর অভিযোগ এনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবি তুলেছেন তারা।

আজ বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে আইনজীবী সাইফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে টাইগার পাস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ভাই সাইফুলকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। ইসকনকে উগ্রবাদ ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে কেউ উগ্রবাদ ছড়ালে তাদের জায়গা দেয়া হবে না।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। ৫ আগস্টের পর থেকে কোনো মন্দির ভাঙা হয়নি বা কোনো হিন্দুর সম্পদ দখল হয়নি। বরং মুসলিম ভাইয়েরাই মন্দির পাহারা দিয়েছে। অথচ ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা চলছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না।’

সমাবেশে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের মুসলিমরা শান্তিপ্রিয়। তারা সব ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এ সহানুভূতিকে যারা ষড়যন্ত্রের হাতিয়ার বানাবে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। আমরা অনেক উদারতা দেখিয়েছি। এখন উগ্রপন্থীদের প্রতিহত করতে পুরো বাংলাদেশ একসঙ্গে দাঁড়াবে।’