দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার আবারো বিকল হয়েছে। বন্ধ রয়েছে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম। আজ শনিবার সকাল থেকেই স্থলবন্দরে পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে আমদানি রফতানিকৃত পণ্যের পণ্য খালাস কার্যক্রমও বন্ধ। তবে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম চালু রয়েছে। এদিকে সার্ভার বিকল থাকার কারণে পণ্য আমদানি করে যথাসময়ে ছাড়করণ করতে না পেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) সার্ভার বিকল ছিল। একইভাবে গত বৃহস্পতিবার ও বুধবার দুদিন সার্ভার বন্ধ ছিল। পরে বৃহস্পতিবার রাত ৮টার পরে সার্ভার সচল হলে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস দেয়া হয়। 

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট সোহেল রানা বলেন, গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের আমাদের পণ্য প্রবেশ করেছে। আজ সেসব পণ্য খালাস নেয়ার জন্য সকালে হিলি কাস্টমসে পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করতে যায়। কিন্তু সার্ভার না থাকায় বিল অব এন্ট্রি সাবমিট করতে পারছি না। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, বাজারে সরবরাহ ঘাটতির কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। যার কারণে আমরা সরবরাহ বাড়াতে বন্দর দিয়ে বাড়তি পেঁয়াজ আমদানি করছি। কিন্তু কাস্টমসের সার্ভার না থাকার কারণে আদা, পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি করে সঠিক খালাস না নিতে পেরে বিপাকে পড়ছি। অতিরিক্ত গরমে আদা, পেঁয়াজের মান খারাপ।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, হিলি স্থল শুল্ক স্টেশনের সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)নিয়ন্ত্রণ করে। সমস্যা সমাধানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমরা অপেক্ষায় রয়েছি কখন সার্ভার ঠিক হয়। তবে এই সমস্যার কারণে শুধুমাত্র সিআ্যন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ভোগান্তি পোহাচ্ছে তা নয় আমাদের সকাল থেকে শুরু করে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত থেকে কাজ করতে হচ্ছে বলে জানান তিনি।