মার্কিন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম থাকা দুঃখজনক। তবে অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্র নিজ দেশে ভ্রমণের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকের জন্য ভিসা বন্ড চালু করেছে। এসব দেশের ভ্রমণকারীকে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা) পর্যন্ত বন্ড (জামানত) জমা দিতে হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এ-সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে গত বছরের মাঝামাঝিতে। সর্বশেষ বাংলাদেশসহ ২৫টি দেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে শুধু বাংলাদেশের বিষয় না। অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে, যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। তারা যদি কিছু দেশের ওপর এ রকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটার মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। তবে অবশ্যই দুঃখজনক ও কষ্টকর।’
তিনি আরো বলেন, ‘এরা যদি সবাই গত এক বছরে যেত তাহলে আমি বলতাম আমরা দায়ী। যদি সমস্যাটা এক বছরে সৃষ্টি হতো, আমি তাও বলতাম সরকারের কিছু দায়দায়িত্ব আছে। এ পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায়দায়িত্ব যদি আপনি ধরেন, পলিসিগত দায়দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এ নড়াচড়া বন্ধ করার সাধ্য এ সরকারের নেই, কোনো সরকারেরই ছিল না। পলিসির দিক থেকে যেটা আমি বলতে পারি, সেটা হলো যে প্রথম দিন থেকে আমরা কিন্তু অনিয়মিত মাইগ্রেশনের বিরুদ্ধে কথা বলে আসছি।’
ঝুঁকিপূর্ণ মাইগ্রেশন নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের মিডিয়ার আচরণ হচ্ছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে তারপর উদ্ধার হয়ে এসেছে সে একজন ভিকটিম, তার প্রতি সব ধরনের সিম্প্যাথি আছে। আমি সম্পূর্ণ এগ্রি করি সে অবশ্যই ভিকটিম। কিন্তু পাশাপাশি আইন ভঙ্গকারী। গ্রামের যে ছেলেটি ট্যুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়ায় ট্যুর করতে যাওয়ার সামর্থ্য নেই। এটা আমরা কেন থামাতে পারি না। এটা আমরা যতক্ষণ পর্যন্ত থামাতে না পারব ততক্ষণ ভূমধ্যসাগরে মানুষ মরতে থাকবে। আমি চাই এ ঘটনা বা দুর্ঘটনাগুলো ও ট্র্যাজেডিগুলো না ঘটুক।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাহায্য নিতে গেলে অবশ্যই তাদের আটকাতে হবে। বলতে হবে, কাকে টাকা দিয়ে গেছে।’










