দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে দিনাজপুরে চারজন, ময়মনসিংহে তিনজন ও গোপালগঞ্জে দুজন রয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
দিনাজপুর: গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোহনা আক্তার শাম্মী (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালকসহ আরো দুজন আহত হন। নিহত মোহনা আক্তার বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে। ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিরল থানার ওসি আব্দুস সবুর।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় গতকাল সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক রিপনসহ দুজন। নাজমুল টাঙ্গাইলের বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে।
এছাড়া পার্বতীপুর উপজেলায় মঙ্গলবার রাত ১১টার দিকে ট্রাকচাপায় রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)। তারা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গোপালগঞ্জ: মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় উপজেলার বনগ্রাম সড়কের লোহাইর মুন্সীবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী। বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে কোটালীপাড়ায় বালিবাহী ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন শেখ (৩৫) কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।










