বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশব্যাপী একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
রাজধানীর গুলশান-২ এলাকায় চলমান একটি ভবনের পাইলিং কাজ চলাকালে শব্দমাত্রা ৯০.৩ ডেসিবল রেকর্ড করা হয়, যা নির্ধারিত সীমার বেশি। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি সুপারভাইজারকে সন্ধ্যা ৭টার পর শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়।
একই দিনে ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। স্মোক অপাসিটি মিটার দিয়ে পাঁচটি ডিজেলচালিত বাস/কোচ পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি বাস মানমাত্রার অধিক ধোঁয়া নির্গমন করায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব খায়রুন্নাহার। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনিরউদ্দিন আহাম্মদ। এ সময় পুলিশ বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মানিকগঞ্জে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুন মনির নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের জায়গীর উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ১০টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনোয়ারুল ইসলাম।










