ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী লঞ্চের অগ্রিম টিকিট আজ বিক্রি শুরু হবে। আগাম টিকিট বিক্রি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঢাকা থেকে বরিশাল আসা ও বরিশাল থেকে ঢাকায় ফেরার উভয় টিকিট ওই তারিখের মধ্যে বিক্রি হবে। এরই মধ্যে আগাম টিকিটের জন্য দু-একটি লঞ্চ ছাড়া অন্য সব কাউন্টারে আবেদন গ্রহণ করা হয়েছে বলে বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা গেছে। ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে শুরু হবে তা এখনো ঠিক করেনি বিআইডব্লিউটিএ। দীর্ঘ ছুটি ও লঞ্চের আকার বৃদ্ধি, যাত্রী ধারণক্ষমতা এবং লঞ্চের সংখ্যা বেশি থাকার কারণে অধিকাংশ লঞ্চমালিক স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) দিতে আগ্রহী হচ্ছেন না।

সুন্দরবন নেভিগেশনের পরিচালক ও বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু বলেন, এ বছর ঈদের আগে ও পরে দীর্ঘ ছুটি থাকার কারণে আগামী ২৮-৩০ এপ্রিলের পর লঞ্চে যাত্রীদের চাপ কম থাকবে বলে মনে করছি। এছাড়া  ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের সংখ্যা, আকার ও ধারণক্ষমতা বেড়েছে। কেবিনের চাহিদা থাকে সব সময়ই। দেখতে হবে ডেকের যাত্রীদের অবস্থা। ডেকে যাত্রীদের চাপ না থাকার সম্ভাবনা বেশি। তাই ডাবল ট্রিপ চালাতে চাইছি না।

অ্যাডভেঞ্চার লঞ্চের স্বত্বাধিকারী ও বাংলাদেশ লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক নিজাম উদ্দিন বলেন, ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী লঞ্চগুলোয় চাহিদার চেয়ে কেবিনের সংখ্যা কম। ফলে ঈদে কেবিনের চাহিদা থাকে কয়েক গুণ। যে কারণে আবেদনকারী সবাইকে কেবিন দেয়া সম্ভব হয় না। আবেদন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে যাত্রীদের মধ্যে টিকিট বিতরণ করা হবে। আজ সোমবার লঞ্চগুলোর ঢাকা ও বরিশালের কাউন্টার থেকে কেবিনের টিকিট সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, কেবিনের যাত্রীদের চাপ থাকলেই হবে না, ডেকের যাত্রীদের ওপর নির্ভর করবে বিশেষ সার্ভিসের। ঈদের আগে-পরে দীর্ঘ ছুটি থাকার কারণে লঞ্চগুলোয় তুলনামূলক যাত্রীদের চাপ বিগত বছরের চেয়ে কম থাকবে বলে মনে করা হচ্ছে। যে কারণে লঞ্চমালিকরাও ডাবল ট্রিপ দিতে তেমন একটা আগ্রহ প্রকাশ করছে না। 

বরিশাল বিআইডব্লিউটিএর নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে লঞ্চের বিশেষ সার্ভিস নিয়ে এখানো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৭ এপ্রিল থেকে ঘরমুখো যাত্রীদের চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। ঈদ উপলক্ষে প্রতিদিন ১০টি কোম্পানির লঞ্চ চলাচল করবে।