ধানমন্ডিতে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের রাজনৈতিক কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর নেতাকর্মীদের হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

আজ বৃহস্পতিবার পরিষদের পক্ষে সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। সম্পাদক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরো বলা হয়, যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।