ফেনীর ফাজিলপুরে চাঁদা না দেয়ায় সড়ক সংস্কারের কাজ বন্ধ হয়ে গেছে এবং ঠিকাদারের এক্সকাভেটরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে দলীয়ভাবে তা অস্বীকার করেছে দলটি।

জানা গেছে, ফাজিলপুরে ২৩ কোটি টাকার একটি সড়ক সংস্কার প্রকল্পে কাজ চলছিল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ঠিকাদারের ৬০ লাখ টাকা মূল্যের এক্সকাভেটরে আগুন দেয়া হয়। অভিযোগ উঠেছে, কাজ শুরুর পর থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেয়ায় কাজ বন্ধ এবং আগুন দেয়ার ঘটনা ঘটে।

ঠিকাদার আমজাদ হোসেনের প্রতিষ্ঠান রানা মোটরসের পক্ষ থেকে ইমরুল হাবিব চৌধুরী শনিবার (৭ ডিসেম্বর) ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় ইমরুল হাবিব চৌধুরী উল্লেখ করেন, মুরাদ সিদ্দিকী, কামরুল ইসলাম ভূঁইয়া, সজীবুল ইসলাম পাটোয়ারী, ইমাম সিদ্দিকী এবং মীর মোহাম্মদ আলী সবুজ সড়কের কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তারা কাজ বন্ধ করে দিয়ে রাতে এক্সকাভেটরে আগুন দেন।

পুলিশ শুক্রবার সকালে কামরুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে মীর মোহাম্মদ আলী সবুজ যুবদলের যুগ্ম আহ্বায়ক, সঞ্জীবুল ইসলাম পাটোয়ারী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমাম সিদ্দিকী ছাত্রদলের নেতা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফাজিলপুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের ধরতে অভিযান চলছে।