চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাবা মধু ঋষি (৪৬) ও ছেলে সাগর ঋষি (২৫) চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা-যশোর সড়কসংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির জনৈক হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালের দিকে মধু ঋষি ও তার সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনোভাবে মধু ঋষি দেড় ফুট বাই দেড় ফুট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। বাবাকে উদ্ধার করতে ছেলে সেপটিক ট্যাংকে নামেন। তিনিও উঠে না এলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।