রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হকারদের বাঁধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের একটি গাড়িও ভাংচুর করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাংচুর করেন হকাররা। পরে মিরপুর ১০ নাম্বারের পুলিশ বাক্সে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পাশাপাশি মিরপুরে গণমাধ্যমকর্মী ও তাদের গাড়িতে হামলা করেছে হকাররা।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।