ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৫ হাজার টন ডিজেল দিনাজপুর পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসতে শুরু করেছে। আজ শুক্রবার বিকালে ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে এই ডিজেল আসা শুরু হয়েছে।
সূত্র জানায়, সবশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এ পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। এর আগে গত মার্চ মাসে এসেছে ২২ হাজার টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট ৩০ হাজার টন ডিজেল এসেছে।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ হাজার টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক ৫০ ঘণ্টা। এ তেল আসা শেষ হলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরো ৭ হাজার টন ডিজেল আসবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। গত ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছায়। চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৫ ধাপে ৩০ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে বলে ডিপোর সূত্র নিশ্চিত করেছে।










