নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এছাড়া নোয়াখালী, চাঁদপুর, কুষ্টিয়া ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ডেলিগেটেড লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামের গোলাই ঢালীর ছেলে মো. সুলতান ঢালী (৫০)। তিনি বিকল হওয়া ট্রাকের চালক ছিলেন। অন্যজন শরীয়তপুরের মো. সুমন মিয়া (৪৪)। তিনি অন্য ট্রাকের চালক ছিলেন।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। অন্য একটি ট্রাক বিকল হওয়ায় ট্রাকটি উদ্ধার করার জন্য চেইন দিয়ে বাঁধছিল। এ সময় চট্টগ্রামগামী অন্য একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকচালক ও উদ্ধারকারী ট্রাকচালক ঘটনাস্থলে মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
নোয়াখালী: জেলার বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা বালিবাহী ডাম্প ট্রাককে ধাক্কা দেয় অন্য একটি ট্রাক। এতে দুই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের বেগমগঞ্জ মডেল থানাসংলগ্ন নাজিরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সজীব (১৮) ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।
পুলিশ জানায়, বালিবাহী একটি ডাম্প ট্রাক আগে থেকেই নাজিরপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা অন্য একটি ডাম্প ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। অন্য ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় ধাক্কা দেয়া ট্রাকটির সামনে বসা দুজন হেলপার সজীব ও সাকিব ঘটনাস্থলেই মারা যান।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর ৫টার দিকে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে দুটি গাড়ির চালক আহত অবস্থায় পালিয়ে গেছেন। গাড়ি দুটি চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
চাঁদপুর: জেলার মতলব উত্তর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মেহেদী হাসান বাবু (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. আলমগীর হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান বাবু মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে ফার্নিচারের দোকানে কাজ করতেন। আহত আলমগীর হোসেন একই আদরভিটি গ্রামের আব্দুল হান্নান সরকারের ছেলে। রাতে তারা গজরা বাজারের যাত্রাপালা দেখে আসার সময় এ দুর্ঘটনার শিকার হন।
কুষ্টিয়া: ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৭০) নামে ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ইউসুফপুর এলাকার মৃত ইমান মালিথার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমতলা-দৌলতপুর সড়ক দিয়ে ভ্যান চালিয়ে ইউনুস আলী আমলা বাজারে যাচ্ছিলেন। পার্শ্ববর্তী রাস্তা থেকে আমতলা বাসস্ট্যান্ডে ওঠার সময় ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইউনুস আলী মারা যান।
গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়ায় ইজিবাইকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রশান্ত বল্লভ (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী-রামনগর সড়কের ওঝা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রশান্ত বল্লভ কলাবাড়ী গ্রামের জগদীশ বল্লভের ছেলে।










