বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. মোজাম্মেল হোসেন (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি...রাজিউন)।  তিনি বেশ কিছু দিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। 

তার একমাত্র ছেলে অধ্যাপক ড. মাহমুদ হাসান খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। 

আজ শুক্রবার সকালে এমপি মোজাম্মেল হোসেনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা শহরের রেলরোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন।

বর্ষিয়ান এই রাজনীতিকের জন্ম ১৯৪০ সালের ১ আগস্ট বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে। তিনি ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে যুক্ত। ১৯৭৯ সালে মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। 

১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত ডা. মোজাম্মেল। বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।  ১৯৯৬ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।