রাজশাহীতে চারটি বিদেশি রিভলবার, তিনটি পিস্তল, চারটি ম্যাগাজিন, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ বিদেশি অস্ত্রের বড় চালান জব্দ করেছে র‌্যাব। আজ শুক্রবার ভোরে কাটাখালীর কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ উদ্ধার করা হয়। এ সময় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কাটাখালীর কাপাশিয়ার পাহাড়পুর এলাকার মো. আব্দুল মতিনের ছেলে মো. আতিকুর রহমান (৩৫), তার সহযোগী নগরীর চরকাজলা এলাকার মো. ঝড়ু মিয়ার ছেলে মো. শাহীন আলী (২৫) ও নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকার মো. নেকছার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)।

র‍্যাব-৫ অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাবের অভিযানে উত্তরাঞ্চলে অস্ত্রের সবচেয়ে বড় চালান আটকের রেকর্ড এটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আতিকের বাড়িতে অপারেশন পরিচালনা করে র‌্যাব। পরে আতিকের মুরগীর খামারের পাশে একটি ছোট ঘর থেকে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে তার মুরগীর খামারে রাখা ককটেল বানানোর বিভিন্ন উপকরণও জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের পর র‍্যাব জানতে পেরেছে, তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে তানজিম (২৭) আব্দুর রহিম (২৮) নামের দুই যুবকের মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করে দেশ বিরোধী চক্রের বিভিন্ন কর্তাব্যক্তিদেরকে কাছে অস্ত্র সরবরাহ করতেন। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। এ তিনজনের নামে অস্ত্র আইনে নগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হবে।