বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সেনাবাহিনীর ৭২৫ সদস্য নেবে কাতার। দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এসব সেনাসদস্য নেয়া শুরু হবে বলে গতকাল কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। খবর বাসস।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফরে রয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেয়া হবে। তবে আমরা এ সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।’