দিনাজপুরে ধানের অবৈধ মজুদের জন্য ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার স্বীকৃতি অটো মিলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এর আগে ১৮ জানুয়ারি দিনাজপুরের বিরলে মেসার্স ওরিয়েন্টাল এগ্রো-তে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত প্রতিষ্ঠানে অনিয়মিত (অনুমোদিত সময়ের চেয়ে অতিরিক্ত) আনুমানিক ২২৫ মেট্রিক টন বিআর ২৮ ধানের মজুদ পাওয়া যাওয়ায় প্রশাসন কর্তৃক মজুদকৃত ধান জব্দ করা হয়। এ ঘটনায় বিরল উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করেন। জব্দকৃত ধানের পরিমাপ ছিল ১৫৩.৬৭৯ মেট্রিক টন।

৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায়ের উপস্থিতিতে বিরল থানা প্রাঙ্গনে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট জব্দকৃত ধান ৩৫ লাখ ৭১ হাজার ৭১৬ টাকায় বিক্রি করা হয়।