দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর বিগত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি) সংঘটিত দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ কেরা হয়েছে।
সোমবার (ptd.gov.bd) ওয়েবসাইটে এ শ্বেতপত্র প্রকাশ করে সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স।
শ্বেতপত্রে গত দেড় দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা।
সরকারের প্রত্যাশা, এ শ্বেতপত্র টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।










