জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনের শুরুতে চারটি সংস্থার নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পরই ওয়াকআউট করে দলটি। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়।

জানা গেছে, আজকের আলোচনার বিষয়বস্তু সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন‍্যায়পাল নিয়োগের বিধান। সকাল সাড়ে ১১ টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবে না। এ সময় বিএনপির প্রতিনিধি দল ওয়াক আউট করে।

এ সময় বিএনপি আলোচনায় না থাকলে এই বিষয়ে ঐকমত্য কিভাবে হবে বা আলোচনা চালানো হবে কিনা সে প্রশ্ন তোলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জবাবে আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই বলেছিল এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনায় তারা থাকবে না। তারা এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে।

এ আলোচনা থেকে ওয়াকআউট করলেও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে পরের আলোচনায় অংশ নেয় দলটির প্রতিনিধিরা।

এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছিল সিপিবিসহ তিন দল।