বাগেরহাটের ফকিরহাটে ট্রলির ধাক্কায় আজগর আলী হাওলাদার (৬০) নামে
এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা
মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় আজগর আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদরের নিচুপাড়ার গোয়াটা এলাকার আলী হাওলাদারের ছেলে আজগর
আলী।
মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান জানান, আজ সকালে ভ্যানচালক
আজগর আলী গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে ফকিরহাটের দিকে আসছিলেন। ভ্যানটি খুলনা-ঢাকা
মহাসড়কের ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বাইপাস সড়ক দিয়ে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি
সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ভ্যানচালক আজগর।
স্থানীয়রা আজগর আলী হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান,
দুর্ঘটনা কবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে।










