নারায়ণগঞ্জের সোনারগাঁও মৈষটেক এবং মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে গিয়ে বিতরণ কোম্পানি তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্বৃত্তদের হামলায় তিতাসের সোনারগাঁও জোনের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অনুমতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ উপজেলার মৈষটেক ও মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সঙ্ঘবদ্ধ একটি চক্র অতর্কিতভাবে হামলা চালায়।
দুর্বৃত্তদের হামলায় তিতাসের উপমহাব্যবস্থাপক (সোনারগাঁও জোন) প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়েছেন। এ সময় সোনারগাঁও অফিসের এক কর্মচারী, দুজন শ্রমিক ও কয়েক পুলিশ সদস্য আহত হন।
জ্বালানি বিভাগের অভিযানে প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় আবাসিক চুলা, ১০০ ফিট এমএস ও প্রায় ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।
তিতাসের অব্যাহত অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার বাজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা। তিতাসের অব্যাহত অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইনও অপসারণ করা হয়েছে।










