বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে বদরুদ্দীন উমর তার স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুণ্ঠিত হননি। তিনি ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া শোকবার্তায় এ কথা বলে তিনি।

এতে তারেক রহমান বলেন, বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃত, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের জীবনাবসানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি গভীরভাবে মর্মাহত। স্বাধীনচেতা, নির্ভীক কণ্ঠস্বরের এ বুদ্ধিজীবীর এ মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে। জনগণের সম্মান ও নিদারুণ বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন বদরুদ্দীন উমর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশমাতৃকার স্বাধীনতা এবং সব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে বদরুদ্দীন উমরের চিন্তা ও লেখনিসহ সক্রিয় তৎপরতা ছিল অবিস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনের পর্ব নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থগুলো এক অমূল্য সম্পদ হিসেবে পাঠক সমাজের কাছে সমধিক সমাদৃত। বারবার রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার আদর্শ বাস্তবায়নে ছিলেন আপোষহীনভাবে স্থির।

তারেক রহমান বলেন, কোনো ভীতি বা হুমকি তাকে নিবৃত্ত করতে পারেনি তার কর্তব্যকর্ম থেকে। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি তার স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুণ্ঠিত হননি। তিনি এদেশে ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক। তিনি আরো বলেন, আমি মরহুম বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।