বান্দরবানের রুমা উপজেলার খক্ষ্যংঝিরি ঘাট থেকে যুবক দুই যাত্রীকে সাঙ্গু নদের উজানে পর্যটন স্থান রিজুক বা রিস্বংস্বং ঝর্ণা পর্যন্ত নৌ-যোগে পৌঁছাতে গিয়ে চালকসহ দুই ব্যক্তি চারদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
গত বৃহস্পতিবার বিকেলে খক্ষ্যংঝিরি ঘাট থেকে যাত্রী নিয়ে রওনা দেয় ইঞ্জিনচালিত একটি নৌকা। কিন্তু গত শনিবার বিকালে উপজেলা সদরের হাসপাতাল ঘাটে ইঞ্জিন ছাড়া নদে শূন্য নৌকা ভাসতে দেখা গেলে দুই ব্যক্তির নিখোঁজের বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। আজ সকাল থেকে স্থানীয়রা নিখোঁজদের সন্ধানে নেমেছে বলে জানিয়েছেন পাইন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার অথোয়াইচিং মারমা। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিরা হলেন -বোট চালক থুইনুমং মারমা (৩৩) ও স্থানীয় কৃষক অংথুইচিং মারমা (৩৫)। সম্পর্কে তারা আত্মীয় ও তাদের বাড়ি পাইন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তংমকপাড়ায়।
প্রতিবেশী ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিকালে সাঙ্গু নদের পর্যটন স্থান রিজুক বা রিস্বংস্বং ঝর্ণা যাবে বলে একটি মোবাইল কল পেয়ে খক্ষ্যংঝিরি ঘাটে বোট নিয়ে আসে থুইনুমং মারমা। তিনি নিজের বোট নিজেই চালান। ঘাটে এসে দেখতে পান তাকে কল করে আনা অপরিচিত দুই মারমা যুবক এবং তাদের সঙ্গে রিজুক ঝর্ণা পর্যন্ত পৌঁছে দেয়ার কথাবার্তা হয়।
সেখান থেকে ফিরতে রাত হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি তার আত্মীয় অংথুইচিং মারমাকে সঙ্গে নিয়ে দুই যাত্রীসহ এক বোটে চরজন রওনা দেন। এদিন সন্ধ্যা থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ না থাকা দুই ব্যক্তিকে দেখা পাওয়া যায়নি। কিন্তু শনিবার উপজেলা সদরের হাসপাতাল ঘাটে নদে ওই নৌকাটিকে ইঞ্জিন ছাড়া ভাসতে দেখা যায়। তখন দুই ব্যক্তির নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে স্বজনেরা।
১ নং ওয়ার্ড মেম্বার অংথোয়াইচিং মারমা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর থেকে থুইনুমং মারমা নৌ যোগে ত্রাণের চাল নিয়ে এসেছিলো। এরপর মোবাইল কল পেয়ে দুই যুবককে ভাড়ায় রিজুক ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে যায়। রিজুকপাড়া থেকে সন্ধ্যা ৬টার দিকে তংমকপাড়ার তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। এরপর থেকে দুজনকেই মোবাইলে পাওয়া যাচ্ছিল না। শনিবার সাঙ্গু নদে শূন্য নৌকা ভাসতে দেখা গেলে তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বণিক বার্তাকে বলেন, শনিবার নদে একটি শূন্য নৌকা পাওয়া গেছে। নৌকাটির ইঞ্জিন খুলে ফেলা হয়েছে। তবে নৌকার চালকসহ দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জানান তিনি।









